প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ ০১:১০
সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৪৮ বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপি ছিল বলেই বাংলাদেশের জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ বার বার এসেছে। যারই ধারাবাহিকতায় আমরা গত ফেব্রুয়ারিতে ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতার আসনে পাঠিয়েছি। বর্তমান সরকার, আমাদের প্রিয় নেতা তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর উনি যে কাজগুলো করেছেন, বাংলাদেশ তথা বিশ্বের ইতিহাসে কোনো রাষ্ট্রনায়ক এই ধরণের কোনো কাজ করেন নাই।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বুধবার (২ সেপ্টেম্বর) বিকালে পৌরপয়েন্টে আয়োজিত র্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় সমাবেশে দেওয়া বক্তব্যে এমপি এমরান আহমদ চৌধুরী আরও বলেন- আমরা জানি, বিদ্যাৎহীনতায় আপনারা অনেক কষ্ট করছেন। কিন্তু একটি কথা বুঝতে হবে, বিগত ১৭ বছর বিদ্যুৎ খাতের প্রায় ১ লক্ষ কোটি টাকার উপরে আওয়ামী লীগের ব্যবসায়ীরা এদেশ থেকে পাচার করে নিয়ে গেছে। বর্তমান সরকারের পক্ষে মাত্র ৬ মাসের মধ্যে এই টাকা কাভার করে বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন করা অনেকখানি কষ্টসাধ্য ব্যাপার। মূলত বিগত ফ্যাসিস্ট সরকারের টাকা পাচারের জন্যই আজকে আমরা বিদ্যুতের জন্য কষ্ট পাচ্ছি। অথচ তাদের আমলের বিদ্যুৎ-এর বড় বড় ব্যবসায়ীরা কেউ সিঙ্গাপুর, কেউ লন্ডন, কেউ দুবাইয়ে বসে আরাম-আয়েশের জীবনযাপন করছেন পাচার করা টাকাগুলো নিয়ে, আর আমরা বিদ্যুতের জন্য ঘরে ঘরে আজ কষ্ট করছি। তবে ইনশাআল্লাহ, আর সামান্য কিছুদিন সুযোগ দেবেন- অচিরেই আপনাদের সেই বিদ্যুৎ সমস্যার সমাধান বর্তমান সরকার করে দেবেন।
সমাবেশে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন স্তরের নেতা বক্তব্য রাখেন।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। বিকাল ৪টায় শুরু হওয়া র্যালিটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশস্থলে এসে শেষ হয়।

র্যালি উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগ সংগঠনগুলোর হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সিলেট থেকে আরো পড়ুন