শাহ আলম শাকিল, ডেস্ক রিপোর্ট :
প্রকাশ: ২১ মে ২০২৬ ০৪:২৫
ইউরোপা লিগ ফাইনালের পর সম্ভাব্য বিজয় উদযাপনকে ঘিরে বার্মিংহাম শহরে ব্যাপক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার প্রস্তুতি নিয়েছে সিটি কাউন্সিল। শহরের কেন্দ্রজুড়ে একাধিক সড়ক সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে এবং গণপরিবহনে আসতে পারে বড় ধরনের পরিবর্তন।
কাউন্সিলের পক্ষ থেকে শহরের কেন্দ্রীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ইমেইলে জানানো হয়েছে যে, প্রয়োজন অনুযায়ী “অস্থায়ী ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা” চালু করা হবে। এর মধ্যে পার্কিং নিষেধাজ্ঞা, সড়ক বন্ধ এবং গুরুত্বপূর্ণ এলাকায় ব্যারিকেড বসানোর পরিকল্পনাও রয়েছে।
ধারণা করা হচ্ছে, আজ রাতে অনুষ্ঠিত ইউরোপা লিগ ফাইনালের পর Aston Villa–এর সম্ভাব্য বিজয় উদযাপন উপলক্ষে শহরজুড়ে একটি বড় আকারের বিজয় প্যারেড আয়োজন করা হতে পারে। এই কারণেই পুরো শহরে নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।
এদিকে West Midlands Metro কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এডজবাস্টন ভিলেজ ও গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের মধ্যে ট্রাম চলাচল সাময়িকভাবে বন্ধ থাকতে পারে, যা সারাদিন ধরে চলবে।
শহরের কেন্দ্রীয় বাস সার্ভিসগুলোও বিভিন্ন রুটে ডাইভারশন দিয়ে চলাচল করবে। পরিস্থিতি অনুযায়ী অতিরিক্ত পরিবর্তন আসতে পারে বলে জানানো হয়েছে। সর্বশেষ আপডেট সিটি কাউন্সিলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলে জানানো হবে।
যুক্তরাজ্য থেকে আরো পড়ুন