বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন মীর নাদিয়া নিভিন। তিনি সংস্থার প্রথম নারী চেয়ারম্যান। মীর নিভিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।
মঙ্গলবার (১৬ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (বীমা-১ শাখা) মীর নাদিয়া নিভিনকে তিন বছরের জন্য আইডিআরএর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
মীর নাদিয়া নিভিন একজন আন্তর্জাতিক উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কার বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় নির্বাচন সংস্কার কমিশনের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০’ এর ধারা ৫(২) অনুযায়ী মীর নাদিয়া নিভিনকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
মীর নাদিয়া নিভিন আন্তর্জাতিকভাবে স্বীকৃত সুশাসন ও উন্নয়ন বিশেষজ্ঞ। প্রায় দুই দশক তিনি সরকার, আন্তর্জাতিক সংস্থা ও বেসরকারি খাতের সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং টেকসই উন্নয়ন উদ্যোগে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। পেশাগত জীবনের ১৭ বছর কাটিয়েছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিতে (ইউএনডিপি)। এই সময় মীর নাদিয়া নিভিন বাংলাদেশ, আফগানিস্তান, মিয়ানমার, মালয়েশিয়া ও জার্মানিতে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি নিউইয়র্কে ইউএনডিপির সদর দপ্তরেও কাজ করেছেন।
মীর নাদিয়া নিভিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন এফ কেনেডি স্কুল অব গভর্নমেন্ট থেকে জনপ্রশাসনে স্নাতকোত্তর (এমপিএ) এবং ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, স্যাক্রামেন্টো থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতকোত্তর (এমএস) করেছেন।
মাইক্রো-ইনস্যুরেন্স ও আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে মীর নাদিয়া নিভিন বিশেষ অভিজ্ঞতা অর্জন করেছেন। বিভিন্ন দেশে তিনি আর্থিক প্রতিষ্ঠান ও নন-ব্যাংক সংস্থাগুলোর সঙ্গে কাজ করে উদ্ভাবনী মাইক্রো-ইনস্যুরেন্স পণ্য ও ঝুঁকি তহবিল গড়ে তুলতে ভূমিকা রাখেন। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য অর্থায়ন ও বিমা সুবিধা সম্প্রসারণের মাধ্যমে তাদের ঝুঁকি কমানো এবং ব্যবসার স্থিতিশীলতা বাড়ানোর উদ্যোগেও নেতৃত্ব দিয়েছেন তিনি। ডিজিটাল রূপান্তর ও দায়িত্বশীল ব্যবসা পরিচালনার ক্ষেত্রেও মীর নাদিয়া নিভিনের অবদান উল্লেখযোগ্য।
বহুপক্ষীয় ট্রাস্ট ফান্ড, নির্বাচন তহবিল, তথ্যপ্রযুক্তি তহবিল এবং বিভিন্ন স্থিতিশীলতা তহবিল পরিচালনার অভিজ্ঞতা রয়েছে মীর নাদিয়া নিভিনের। আফগানিস্তানে তিনি ৪০ কোটি মার্কিন ডলারের একটি সুশাসন কর্মসূচির নেতৃত্ব দেন। সম্প্রতি তিনি অন্যতম শীর্ষ বিমা প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের স্বাধীন পরিচালক হন।
কারা ছিলেন আইডিআরএ চেয়ারম্যান
২০১১ সালের ১১ জানুয়ারি যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত পাঁচজন চেয়ারম্যান পেয়েছে আইডিআরএ। প্রথম চেয়ারম্যান ছিলেন এম শেফাক আহমেদ, যিনি একজন অ্যাকচুয়ারি। তিনি প্রতি মেয়াদ তিন বছর করে দুই দফায় ৬ বছর সংস্থার চেয়ারম্যান ছিলেন।
এরপর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক সচিব শফিকুর রহমান পাটোয়ারী আইডিআরএ চেয়ারম্যান হিসেবে তিন বছরের নিয়মিত মেয়াদ শেষ করেন। এই দুজনের পর একে একে তিনজন সংস্থাটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। কিন্তু কেউই তাদের মেয়াদ শেষ করতে পারেননি।
তাদের মধ্যে রয়েছেন বেসরকারি খাতের এম মোশাররফ হোসেন। ২০২০ সালের জুনে তিন বছরের জন্য নিয়োগ পেলেও পৌনে দুই বছর দায়িত্ব পালনের পর পদত্যাগ করেন। এরপর ২০২২ সালের জুনে চেয়ারম্যান নিয়োগ পান সাবেক পরিকল্পনাসচিব মোহাম্মদ জয়নুল বারী। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁকেও পদত্যাগ করতে বলা হয়।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আরেক সাবেক সচিব এম আসলাম আলম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান ২০২৪ সালের সেপ্টেম্বরে। গত মার্চে তাঁকেও চলে যেতে হয়।
জাতীয় থেকে আরো পড়ুন