তৃতীয়বাংলা ডেস্ক রিপোর্ট : শুক্রবার( ১০ই জুলাই) মাদক বিরোধী এবং সামাজিক সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করে পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-২ আসনের বার বার নির্বাচিত জনপ্রিয় সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। তিনি বলেন, দীর্ঘদিন দেশে অগণতান্ত্রিক সরকার থাকায় মাদক কারবারিরা তাদের নেটওয়ার্ক অনেক গভীরে বিস্তার করেছে এবং বর্তমানে মাদক একটি সামাজিক ব্যাধিতে রুপান্তরিত হয়েছে। মাদক ব্যবসায়ীসহ মাদক সেবনকারীরা বার বার গ্রেফতার হলেও, পুরনো আইনের কারণে তাদেরকে আটক করে রাখা সম্ভব হচ্ছে না, তারা জামিনে বের হয়ে আবার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, বর্তমান বাস্তবতায় পুরনো আইন দিয়ে তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ কারণে মাদক নির্মূলে কার্যকর ও সময়োপযোগী আইন প্রণয়নে সরকার কাজ করছে, অতি দ্রুত আইন প্রণয়ন করে মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণে বর্তমান সরকার বদ্ধপরিকর।
বাদ জুমা লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মধ্যসাগরদী জামে মসজিদের সামনে স্থানীয় এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজিবিরোধী মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য এসব কথা বলেন।
জনাব আবুল খায়ের ভূঁইয়া আরো বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংসদে নতুন মাদকবিরোধী আইন প্রণয়নের জন্য বিল আনা হয়েছে। একই সঙ্গে জুয়া এবং কিশোর গ্যাং এর বিরুদ্ধে কঠোর আইনও করা হচ্ছে। সরকার দীর্ঘমেয়াদিভাবে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তিসহ সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে জনাব তারেক রহমানের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে।
বামনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাহারুল আলমের সভাপতিত্বে বাংলাদেশ আইন সমিতির সাংগঠনিক সম্পাদক ও আলফা স্টার ফাউন্ডেশন এর চেয়ারম্যান কামরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের জনগণ।
জাতীয় থেকে আরো পড়ুন