বাংলাদেশ

ডিসেম্বরে না হলে এ দেশে আর কখনো নির্বাচন হবে না: মির্জা আব্বাস

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫ ১৩:০২

আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তাঁর আশঙ্কা, আগামী ডিসেম্বরে নির্বাচন না হলে এ দেশে আর কখনো নির্বাচন হবে না।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, ‘টালবাহানা করে নির্বাচনকে পেছানোর চেষ্টা করবেন না। আমরা খুব ভালো জানি, ডিসেম্বরে নির্বাচন না হলে এ দেশে আর কখনো নির্বাচন হবে না। এই বাংলাদেশ বিদেশি প্রভুদের হাতে পদানত হবে।’

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বেলা ৩টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। বিএনপির পল্টন থানার ১৩ নম্বর ওয়ার্ড (উত্তর-দক্ষিণ) শাখা জিয়াউর রহমানের স্মরণে এই দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিএনপিকে তাঁর মুখোমুখি করে নিয়েছেন মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, ‘তিনি জাপানে বসে বিএনপির বিরুদ্ধে বিষোদগার করেছেন। জাপানে বসে বলেছেন, একমাত্র বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায়। এর জবাবে বলতে চাই, ড. ইউনূস সাহেব আপনি স্মরণ করে দেখুন, ডিসেম্বরে নির্বাচনের কথা আপনিই প্রথম বলেছেন।’

সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠকের বিষয়টি তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা বাইরে চলে আসার পরে সন্ধ্যা ছয়টা বা সাড়ে ছয়টার সময় আপনার প্রেস সেক্রেটারি বলেছে, জুন মাসে নির্বাচন হতে পারে। প্রেস সেক্রেটারি আর আপনি তো এক কথা নয়।’

বাংলাদেশ থেকে আরো পড়ুন