প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ ১০:০৮
সৌদি আরব ও দেশটির ইয়েমেনি মিত্রদের ওপর হামলা জোরদার করতে বিদ্রোহী গোষ্ঠী হুথিদের গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে ইরান। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সৌদি আরব ও ইয়েমেনে হুথিবিরোধী জোটের গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে প্রতিবেদনটিতে এ তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, ইরানের সহায়তায় হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ও অত্যাধুনিক হামলাগুলো চালাতে সক্ষম হয়েছে।
ডব্লিউএসজে আরও বলছে, ইরানের সহায়তায় ইয়েমেনের লোহিত সাগর উপকূলবর্তী এলাকায় নিজেদের নিয়ন্ত্রণাধীন ভূখণ্ড বাড়িয়েছে হুথিরা। একই সঙ্গে সৌদি আরবের তেল স্থাপনা ও বিমানবন্দর লক্ষ্য করেও হামলা চালিয়েছে তারা।
গত সপ্তাহে সৌদি রাজধানী রিয়াদে হুথিদের এক হামলায় ১৩ জন নিহত হন। ওই হামলাও ইরানের সহায়তায় পরিচালিত হয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়।
তবে ইয়েমেনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে আসছে ইরান। তেহরানের দাবি, হুথিরা ‘সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করে’।
তথ্যসূত্র: আল জাজিরা
আন্তর্জাতিক থেকে আরো পড়ুন