নিউইয়র্ক সিটিতে বাড়ি ভাড়া নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। রেন্ট স্ট্যাবিলাইজড অ্যাপার্টমেন্টের ভাড়াটিয়াদের মধ্যে আশা দেখা দিয়েছে যে, মেয়র জোহরান মামদানির প্রশাসনের অধীনে এবার ভাড়া স্থগিত বা রেন্ট ফ্রিজ কার্যকর হতে পারে।
রেন্ট গাইডলাইনস বোর্ডের সাম্প্রতিক শুনানিতে ভাড়াটিয়ারা তাদের বক্তব্য তুলে ধরে বলেন, দীর্ঘদিন ধরে বাড়তে থাকা ভাড়ার চাপ তাদের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে একটি ভাড়া স্থগিত নীতি দরকার, যা নিম্ন ও মধ্য আয়ের বাসিন্দাদের স্বস্তি দিতে পারে।
এদিকে মেয়র মামদানি তার নির্বাচনী প্রচারে নিউইয়র্কের আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণকে প্রধান অঙ্গীকার হিসেবে তুলে ধরেছিলেন। বিশেষ করে রেন্ট ফ্রিজ তার আবাসন নীতির অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল, যা এখন বাস্তবায়নের প্রত্যাশায় রয়েছে।
সাম্প্রতিক প্রাথমিক সিদ্ধান্তে রেন্ট গাইডলাইনস বোর্ড এক ও দুই বছরের লিজে ০ থেকে ২ শতাংশ পর্যন্ত ভাড়া বৃদ্ধি এবং ০ থেকে ৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো গৃহীত হয়নি।
নগরীর প্রায় ১০ লাখ রেন্ট স্ট্যাবিলাইজড অ্যাপার্টমেন্টে এই সিদ্ধান্ত সরাসরি প্রভাব ফেলবে বলে জানা গেছে। আগের প্রশাসনের সময়ে চার বছরে মোট ১২ শতাংশের বেশি ভাড়া বৃদ্ধি হওয়ায় অনেক ভাড়াটিয়া আর্থিক চাপের মুখে পড়েছেন।
অন্যদিকে, বাড়ির মালিকদের সংগঠনগুলো বলছে, ভাড়া ফ্রিজ কার্যকর হলে তারা আর্থিক সংকটে পড়তে পারেন। তাদের দাবি, বিদ্যুৎ, রক্ষণাবেক্ষণ, বীমা ও করের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে, ফলে ভাড়া না বাড়ালে ভবন পরিচালনা কঠিন হয়ে যাবে।
ভাড়াটিয়া পক্ষের দাবি, সরকারের উচিত শুধু ভাড়া নিয়ন্ত্রণ নয়, বরং যেসব পরিবার আর্থিকভাবে সংকটে রয়েছে তাদের জন্য ভাড়া সহায়তা কর্মসূচি আরও জোরদার করা।
প্রসঙ্গত, রেন্ট গাইডলাইনস বোর্ড আগামী ২৫ জুন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ফলে নিউইয়র্কের ভাড়াটিয়া ও বাড়ির মালিক উভয় পক্ষই এখন সেই সিদ্ধান্তের দিকে নজর রাখছে।
আন্তর্জাতিক থেকে আরো পড়ুন