প্রকাশ: ২১ জুন ২০২৬ ১৫:০৪
রাজীব জেবতিক হক : শাহজালালের দরগার ডেগ শুধুমাত্র টাকাপয়সা তোলার একটা বাক্স নয়। এটা একটা ঐতিহ্য। আমাদের সিলেট শহরের ঐতিহ্য। এটাকে আপনি যতোই তালামারা মডার্ণ দানবাক্স দিয়ে রিপ্লেস করেন - হবে না।
অনেকটা পুরোনো শ্যাওলা পড়া জমিদার বাড়ির মতো। আপনি সেটা ভেঙ্গে বহুতল বিল্ডিং বানাতে পারবেন - কিন্তু আভিজাত্য ও ঐতিহ্য - টাকা বা ক্ষমতার জোরে কেনা যায় না।
দরগায় মাসে ঠিক কতো টাকা ওঠে, সেটা আমার জানা নাই। হাজার, লাখ, কোটি? ধরে নিলাম কোটি টাকা। যেহেতু দরগা কোন প্রাইভেট প্রোপার্টি নয়, সেই টাকার হিসাব চাওয়া যেতেই পারে। কিন্তু কিভাবে? ক্ষমতার জোরে দানবাক্সে তালা লাগিয়ে?
শাহজালালের দরগাহ দীর্ঘদিন থেকে পরিচালিত হচ্ছে একটা ফ্যামিলির ম্যানেজমেন্টে। এখন এই ম্যানেজমেন্ট যদি চেঞ্জ করতে হয়, সেটা আলোচনা হতে হবে সিলেটের সর্বস্তরের মুরুব্বি, মাজার ভক্ত, জনপ্রতিনিধিদের নিয়ে। আর সবকিছু সরকারী বা কর্পোরেট সিস্টেমে চালানোও যায় না। ঐতিহাসিক কোন বিষয়ের ম্যানেজমেন্ট একটু আলাদা হতেই হবে। কোনদিন মাজারে না যাওয়া, কিছুদিনের জন্য পোস্টিং নিয়ে আসা, সিলেটি সেন্টিমেনেটের সাথে অপরিচিত এক সরকারী কর্মকর্তা চেয়ারের জোরে এই ডিসিশন দিতে পারেন না।
আমার মনে হয় না, মাজারের টাকা পয়সার হিসাবটাই এখানে মুখ্য বিষয়।
১) একটা ফ্যামিলি দীর্ঘদিন থেকে টাকাপয়সা মেরে (?) খাচ্ছে, অথচ আমি কোন ভাগ পাচ্ছিনা - এটা সহ্য করা কষ্টকর।
২) মাজার, দরগা- এগুলা ইসলামের সূফিধারার সাথে সম্পর্কিত। আর দেশে এখন ওহাবিইজমের সবচেয়ে বড় বাধা সূফিইজম।
৩) শাহজালালের (রহ:) মাজার দেশের সব মাজারের মধ্যে প্রসিদ্ধ। এটাকে সাইজ করা গেলে বাকিগুলোও সাইজ করা সহজ হবে। প্রাতিষ্ঠানিক জামাতিকরনের দিকে দেশ আরেকধাপ এগিয়ে যাবে।
৪) এখন উন্নয়নের নামে বড় বড় প্রজেক্ট আসবে। আর প্রজেক্ট মানেই...
আমি খুব আশ্চর্য হলাম ফেইসবুকে মাজারে সরকারি নিয়ন্ত্রণের সমর্থন দেখে! আমাদের কোন সরকারী প্রতিষ্ঠান তার আয়-ব্যায়ের হিসাব সঠিক স্বচ্ছ ভাবে জনগনের সামনে তুলে ধরে? ডিসি সারওয়ার কী সিলেটের সব সরকারি প্রতিষ্ঠান দূর্নীতি মুক্ত করে ফেলেছেন? সাদা পাথর লুটের রিপোর্ট কি দিয়ে দেয়া হয়েছে? সিলেট-ঢাকা মহাসড়কের জমি অধিগ্রহণ কি সম্পন্ন? কোন জমি কতো টাকায় কিনলেন?
দরগার আয়-ব্যায়ের হিসাব নেয়ার অবশ্যই দরকার আছে। কিন্তু- 'হিয়ালোর গেছে মুরগি বাগি?' - কাভি নেহি।
সিলেট থেকে আরো পড়ুন