স্টাফ রিপোর্টার | তৃতীয়বাংলা
একসময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে আলোচনায় আসা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি রুহুল আমিন দীর্ঘদিন পর প্রকাশ্যে একটি সভায় অংশ নিয়েছেন।
ঢাকার আল-হাইআতুল উলয়া লিল-জামি'আতিল কওমিয়া বাংলাদেশের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তাকে উপস্থিত দেখা যায়। সভায় কওমি মাদরাসাবিরোধী অপপ্রচার প্রতিরোধ এবং বর্তমান পরিস্থিতিতে করণীয় বিষয়ে আলোচনা হয়।
সভা শেষে কওমি শিক্ষাব্যবস্থাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে সমন্বয়ের লক্ষ্যে একটি কেন্দ্রীয় পর্যবেক্ষণ সেল গঠন করা হয়। এতে মুফতি রুহুল আমিনসহ কয়েকজন আলেমকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালে কওমি মাদরাসার সনদের সরকারি স্বীকৃতি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে ব্যাপক আলোচনায় আসেন মুফতি রুহুল আমিন। পরবর্তী সময়ে রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি দীর্ঘ সময় জনসমক্ষে অনুপস্থিত ছিলেন এবং পরে জাতীয় মসজিদের খতিবের পদ থেকেও অপসারিত হন।
সাম্প্রতিক এই সভায় তার উপস্থিতি কওমি অঙ্গন ও রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। তবে এ বিষয়ে মুফতি রুহুল আমিনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জাতীয় থেকে আরো পড়ুন