যুক্তরাজ্য

২৫ অক্টোবর বদলে যাচ্ছে যুক্তরাজ্যের সময়, এক ঘণ্টা পিছিয়ে যাবে ঘড়ির কাঁটা

শেষ হচ্ছে ব্রিটিশ সামার টাইম, সকালে আলো ফুটবে আগে—সন্ধ্যা নামবে দ্রুত

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২১:২৮

এম মোস্তফা, যুক্তরাজ্য

যুক্তরাজ্যে আবারও বদলে যাচ্ছে ঘড়ির সময়। আগামী ২৫ অক্টোবর রোববার ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হবে। এর মধ্য দিয়ে শেষ হবে চলতি বছরের ব্রিটিশ সামার টাইম (BST) এবং যুক্তরাজ্য ফিরে যাবে গ্রিনিচ মিন টাইমে (GMT)।

নিয়ম অনুযায়ী, ২৫ অক্টোবর রাত ২টার সময় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে রাত ১টা করা হবে। ফলে ওই রাতে যুক্তরাজ্যের বাসিন্দারা কার্যত এক ঘণ্টা অতিরিক্ত সময় পাবেন।

এবারের সময় পরিবর্তন গত বছরের তুলনায় ক্যালেন্ডারে একদিন আগে হচ্ছে। ২০২৫ সালে ঘড়ির কাঁটা পিছিয়ে দেওয়া হয়েছিল ২৬ অক্টোবর। তবে এটি সরকারের নতুন কোনো সিদ্ধান্ত নয়। যুক্তরাজ্যের প্রচলিত নিয়ম অনুযায়ী অক্টোবরের শেষ রোববারেই ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়।

সময় পরিবর্তনের পর সকালে তুলনামূলকভাবে আগে আলো ফুটবে। অন্যদিকে বিকেল ও সন্ধ্যায় দ্রুত অন্ধকার নেমে আসবে। শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দিনের আলোর সময়ও ক্রমশ কমতে থাকবে।

স্মার্টফোন, কম্পিউটারসহ অধিকাংশ আধুনিক ডিজিটাল ডিভাইসে সময় স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়ে যাবে। তবে হাতঘড়ি, দেয়ালঘড়ি, গাড়ির ঘড়ি এবং কিছু গৃহস্থালি যন্ত্রে সময় নিজ হাতে ঠিক করে নিতে হতে পারে।

যুক্তরাজ্যে বছরে দুবার ঘড়ির সময় পরিবর্তন করা হয়। মার্চ মাসের শেষ রোববার ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে দিয়ে ব্রিটিশ সামার টাইম শুরু হয়। আবার অক্টোবরের শেষ রোববার এক ঘণ্টা পিছিয়ে GMT-তে ফিরে যায় দেশটি।

ঘড়ির সময় পরিবর্তনের এই ব্যবস্থা বন্ধ করা নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হলেও বর্তমানে যুক্তরাজ্যে প্রচলিত নিয়মই বহাল রয়েছে।

— এম মোস্তফা

যুক্তরাজ্য থেকে আরো পড়ুন